রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদেও ছাত্রদল বিক্ষোভ-মিছিল করেছে।
আজ মঙ্গলবার দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
ওই ছাত্রী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করেন। পরে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে আলী হোসেন নামের এক শিক্ষার্থী ফেসবুকে তাঁকে গণধর্ষণের হুমকি দেন।
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার’, ‘আলী হোসেনের ছাত্রত্ব, বাতিল করো, করতে হবে’, ‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে রোকেয়া হলের আহ্বায়ক শ্রাবণী আক্তার বলেন, ‘রাজনীতিতে, সামাজিক কার্যকলাপে আমাদের কম অংশগ্রহণের পেছনে আমাদের ভাইয়েরা দায়ী। ডাকসুর মতো একটি নির্বাচনে মাত্র ৩০ শতাংশ নারী অংশগ্রহণ করছেন। সেটি কেন?’ এ সময় তিনি নারীদের নিরাপত্তার ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানান।
Post a Comment