কোটিপতিরা কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন
দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের কোথাও আয়কর দিতে হয় না। এ ছাড়া বিশ্বের অন্যান্য শহরে যখন বিলাসী জীবন যাপন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে, তখন দেশটিতে সহজেই এমন জীবনধারা উপভোগ করা যায়।
সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই শহর লম্বা সময় ধরে আশপাশের দেশের ধনীদের স্বাগত জানিয়ে আসছে। তবে এখন পশ্চিমা দেশগুলো থেকেও এখানে পাড়ি জমানো কোটিপতির সংখ্যা বাড়ছে। কোটিপতিদের দুবাইয়ে স্থানান্তরে সহায়তাকারীরা এএফপিকে এমনটি জানিয়েছেন।
পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসাব অনুযায়ী, চলতি বছর বিশ্বের নানা প্রান্তের কোটিপতিরা নজিরবিহীনভাবে আরব আমিরাতে পাড়ি জমাবেন। এ সংখ্যা দাঁড়াতে পারে ৯ হাজার ৮০০, যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।
আরব আমিরাতে নিরাপত্তাব্যবস্থা বেশ কড়া। দেশটি ধনীদের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবে নিজেদের গড়ে তুলেছে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধের নিম্নমুখী হার, ব্যবসাবান্ধব পরিবেশ ও অবাধ বিলাসিতার সুযোগ থাকায় দেশটি কোটিপতিদের কাছে জনপ্রিয় গন্তব্য।
Post a Comment